টাংগাইলে ট্রাক উল্টে অটোচালক নিহত

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ট্রাক উল্টে নিমাই ঘোষ (৫০) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। সোমবার (১১ মে) বিকেলে মহাসড়কের বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নিমাই ঘোষ সদর উপজেলার শিবপুর গ্রামের কানাই ঘোষের ছেলে। পুলিশ ও স্থানীয়রা বলেন, মহাসড়কের উত্তরবঙ্গমুখী সার্ভিস লেনে দ্রুতগতিতে একটি ট্রাক চলছিল।

এ সময় উল্টো পথে একটি অটোরিকশা সামনে চলে এলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে যায় এবং অটোরিকশার ওপর পড়ে। এতে অটোরিকশা চালক গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এলেঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরীফ জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।