মির্জাপুরে এক কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

টাঙ্গাইলের মির্জাপুরে ফরহাদ হোসেন (৩২) নামে এক কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (২৭ অক্টোবর) উপজেলার বাঁশতৈল ইউনিয়নের সোনালিয়া আবলু মার্কেট এলাকার একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে। ফরহাদ উপজেলার বাঁশতৈল ইউনিয়নের কাহার্তা মধ্যপাড়া এলাকার বানিজ উদ্দিনের ছেলে।

জানা গেছে, শনিবার দুপুর আড়াইটার দিকে কাঠ ব্যবসায়ী ফরহাদ ওই এলাকার একটি চায়ের দোকানে বসেছিলেন।

হঠাৎ করে মতিয়ার রহমান নামের এক ব্যক্তি তাকে পেছন থেকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান।স্থানীয়রা ফরহাদকে উদ্ধার করে মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার গলাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন।

অভিযুক্ত মতিয়ার রহমান সোনালিয়া গ্রামের আবুল মার্কেট এলাকার ইউসুফ মিয়ার ছেলে।

তিনি এলাকায় মাদক ব্যবসা করেন বলে স্থানীয় লোকজন অভিযোগ করেছেন।মির্জাপুরের বাঁশতৈল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মিজানুর রহমান জানান, পুলিশ খুনি মতিয়ারকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছেন। তাছাড়া ঘটনার কারণ জানতে পুলিশ কাজ করছেন। নিহতের লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান।