সাথী সিনেমা হল রোডের কাজের বেহাল অবস্থা, চরম দুর্ভোগে সাধারণ মানুষ ও ব্যাবসায়ীরা

মধুপুর পৌর শহরের অন্যতম ব্যস্ত সড়ক সাথী সিনেমা হল রোড দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ ও স্থানীয় ব্যাবসায়ীরা । সড়ক উন্নয়ন কাজের ধীরগতির কারণে বর্তমানে রাস্তাটি কার্যত চলা চলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে পথচারী, শিক্ষার্থী ও ব্যবসায়ীদের ভোগান্তি দিন দিন
বাড়ছে ।

ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর তদারকির অভাবে দীর্ঘদিন ধরে সড়কটির উন্নয়নকাজ ধীরগতিতে চলছে। সপ্তাহে মাত্র দুই থেকে তিন দিন কাজ হলেও বাকি সময় নির্মাণ কাজ বন্ধ থাকে। গত চার দিন ধরে রাস্তার মাঝখানে বালু ও খোয়া ফেলে রেখেই কাজ বন্ধ রয়েছে, ফলে সড়ক দিয়ে যানবাহন তো দূরের কথা, সাধারণ মানুষের চলাচলও প্রায় বন্ধ হয়ে গেছে ।

এদিকে রাস্তার পাশের নির্মাণাধীন ড্রেনের ওপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে বৃদ্ধ, নারী ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘদুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা ।

ব্যবসায়ীরাও পড়েছেন চরম সংকটে। তাদের দাবি, সড়কটি দীর্ঘদিন অচল থাকায় ক্রেতাদের যাতায়াত প্রায় বন্ধ হয়ে গেছে। ফলে এ সড়কের প্রায় ৭০ শতাংশ দোকান নিয়মিত বন্ধ রাখতে হচ্ছে। এতে অনেক ব্যবসায়ী আর্থিক ক্ষতির মুখে পড়েছেন এবং জীবিকা নির্বাহে হিমশিম খাচ্ছেন।

স্থানীয় বাসিন্দারা দ্রুত সড়ক নির্মাণকাজ সম্পন্ন করে জন দুর্ভোগ নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-ও পৌর প্রশাসক এর দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় জনগণ। তাদের প্রত্যাশা, প্রশাসনের কার্যকর উদ্যোগে দ্রুত
সড়কের নির্মাণ কাজ সম্পন্ন হবে এবং জনসাধারণ স্বস্তি ফিরে পাবে ।