টাঙ্গাইল-৫ (সদর) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দাঁড়িপাল্লা এখন বাতিল মার্কা, আধুনিক যুগে মানুষ আর এটি ব্যবহার করতে চায় না।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে বাঘিল ইউনিয়নের বিলমুড়িল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, এখন দাঁড়িপাল্লার কোনো প্রয়োজন হয় না। বাজারে আধুনিক ডিজিটাল মেশিন এসেছে।
তাই মানুষ দাঁড়িপাল্লা ব্যবহার করতে চায় না। এটি এখন বাতিল মার্কা, গ্রামাঞ্চলেও আর চলে না।তিনি বলেন, আল্লাহর রহমতে বিএনপির এমন একটি মার্কা মিলেছে, যা চিরদিন থাকবে। পৃথিবী যতদিন থাকবে, ততদিন ধানের শীষ থাকবে ইনশাআল্লাহ।
ধানের শীষ এই দেশের প্রতিটি মানুষের মার্কা, দেশ রক্ষার মার্কা।টুকু আরও বলেন, ১৭ বছর পর আমরা এই মার্কা পেয়েছি। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে মানুষ ভোট দিতে পারেনি। দিনের ভোট রাতে নিয়ে গেছে।
এই নির্বাচন ব্যবস্থা তৈরি করতে গিয়ে অসংখ্য নেতাকর্মী খুন, গুম ও নির্যাতনের শিকার হয়েছেন। আমি নিজেও সাড়ে পাঁচ বছরের বেশি সময় কারাগারে ছিলাম এবং রিমান্ডে অমানবিক নির্যাতনের শিকার হয়েছি।ভোটারদের উদ্দেশে তিনি বলেন, অসংখ্য মানুষের ত্যাগের বিনিময়ে আজ ধানের শীষ মার্কায় নির্বাচনের সুযোগ এসেছে। কেউ যদি হেলাফেলা করে ভোট না দেয়, তার মতো দুর্ভাগা আর কেউ থাকবে না। সামনে ১২ তারিখ নির্বাচন, আমাদের এমনভাবে কাজ করতে হবে, যেন একটি ধানও নষ্ট না হয়, মাটিতে না পড়ে।
তিনি আরও বলেন, ধানের শীষ আমাদের প্রিয় মার্কা। এই মার্কা দেখলে হৃদয় জুড়িয়ে যায়। এটি পবিত্র ও মানুষের আশা-ভরসার প্রতীক।