আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঘাটাইল উপজেলায় বিএনপি’র ধানের শীষের পক্ষে আয়োজিত জনসভায় মানুষের ঢল নেমেছে। পৌর শহর জুড়ে যত দূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ। কোথাও তিল ধারণের জায়গা নেই। ব্যাপক জনসমাগম লক্ষ্য করা গেছে। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বিপুলসংখ্যক সাধারণ মানুষের উপস্থিতিতে জনসভাটি পরিণত হয় জনসমুদ্রে। সোমবার বিকাল ৩টায় উপজেলার খেলার মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। এতে ঘাটাইল উপজেলার ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সাধারণ ভোটাররা দলে দলে মিছিল, রং-বেরঙের ফেস্টুন ও ঢাক-ঢোল বাজিয়ে জনসভায় অংশ নেন। সমাবেশকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
ঘাটাইল উপজেলা বিএনপি’র সংগ্রামী সভাপতি সিরাজুল হক ছানার সভাপতিত্বে উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য প্রদান করেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী এস এম ওবায়দুল হক নাসির। এ সময় তিনি হাজারো মানুষের সামনে প্রতিশ্রুতি দিয়ে বলেন, বিএনপি সরকার গঠন করলে এবং তিনি নির্বাচিত হলে একটি আধুনিক স্বচ্ছ যুগোপযোগী ও মডেল উপজেলা হিসেবে আমাদের সকলের প্রিয় ঘাটাইলকে গড়ে তোলা হবে। স্বাস্থ্য সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়ার জন্য সাগরদিঘী পাহাড়ি অঞ্চলে হাসপাতাল নির্মাণ করে মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হবে। ঘাটাইলের প্রত্যন্ত অঞ্চলের রাস্তাঘাট-ব্রিজ-কালভাট সেতু নির্মাণ করে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়নের পাশাপাশি স্কুল-কলেজ-মাদ্রাসা-মন্দির-প্যাগোডা সহ সকল ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলে আধুনিক, যুগোপযোগী ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থা চালু করা হবে। প্রাইমারি থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত শিক্ষার্থীদের আরবি ইংরেজি ভাষার পাশাপাশি আরও একটি ভাষা শেখানো হবে। যাতে করে আমাদের দেশের শিক্ষার্থীরা বিভিন্ন ভাষা রপ্ত করে বিদেশে গিয়ে উচ্চমূল্যে চাকরির সুযোগ পায়। এ সময় তিনি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নতুন বাংলাদেশ গড়ে তোলার যে স্বপ্ন (আই হ্যাভ অ্যা প্ল্যান) দেখিয়েছেন, আমরা সেই পথেই এগিয়ে যাচ্ছি। কৃষকের জন্য কৃষি ভাতা, কৃষিঋণ মওকুফ, আমাদের গৃহিণী মায়েদের জন্য ফ্যামিলি কার্ড, শিক্ষিত তরুণ-তরুণীদের জন্য বেকার ভাতা, মসজিদ মন্দিরের ইমাম-মুয়াজ্জিন, পুরোহিতদের জন্য মাসিক ভাতাসহ বিভিন্ন সামাজিক সেবা কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে; যা বিএনপি ক্ষমতায় এলে জনগণ পাবে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ঘাটাইল উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও রসুলপুর ইউনিয়নের চেয়ারম্যান শামসুল আলম, সাবেক পৌর মেয়র আব্দুর রশিদ মিয়া, ঘাটাইল উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু বকর সিদ্দিক, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হাজী বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. শাহীন মিয়া, উপজেলা বিএনপি’র সম্মানিত সদস্য শফিকুর রহমান খান রতন, পৌর বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাসেত করিম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেলাল, ছাত্রদলের হাজার হাজার সাধারণ মানুষ। জনসভা শেষে ৩ কিলোমিটার দীর্ঘ একটি বিশাল মিছিল পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গুনগ্রাম তেলের পাম্পে গিয়ে শেষ হয়।