ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ। টাঙ্গাইলে বিভিন্ন পরিবহনে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় রোধে জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে।
সোমবার (১ জুন) সকালে নতুন বাস টার্মিনালের বিভিন্ন কাউন্টারে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজিবুল ইসলাম শুভর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
এসময় নির্ধারিত ভাড়ার তালিকা প্রদর্শন করা না থাকায় সোনিয়া এন্টারপ্রাইজ ও সকাল সন্ধ্যা এন্টারপ্রাইজ কাউন্টার জরিমানা করা হয়েছে।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট সজিবুল ইসলাম শুভ জানান, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় রোধে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিনিয়ত অভিযান চালানো হচ্ছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।