মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় মো. মামুন মিয়া (৩৪) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত মামুন শেরপুর জেলার শেরপুর সদর থানার চর মোচারিয়া ইউনিয়নের মুন্সিরচর হরিণধরা গ্রামের মৃত আব্দুল কুদ্দুছের ছেলে।
টাঙ্গাইল দায়রা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. শফিকুল ইসলাম রিপন জানান, গত ১৯ মে ২০২৫ রাতে ময়মনসিংহ বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোয়েন্দা কার্যালয়ের একটি দল এবং সেনাবাহিনী ও র্যাবের সমন্বয়ে একটি যৌথ রেইডিং টিম টাঙ্গাইলের মধুপুর থানাধীন হরিণধরা এলাকায় অভিযান পরিচালনা করে।
আরো পড়ুনঃ মধুপুরে কবিরাজির কথা বলে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ
ঘটনার পরদিন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কাওসারুল হাসান রনি বাদী হয়ে মধুপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।
মামলা চলাকালে আদালত মোট সাতজন সাক্ষীর জবানবন্দি ও জেরা গ্রহণ করেন। সাক্ষ্য-প্রমাণ ও নথিপত্র পর্যালোচনা করে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন।
আদালতের আদেশে অপরাধে ব্যবহৃত একটি ১৫০ সিসি পালসার মোটরসাইকেল এবং দুটি মোবাইলফোন রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া জব্দকৃত ইয়াবা ট্যাবলেট আইন অনুযায়ী ধ্বংস করার এবং আসামির ইতোপূর্বে হাজতবাসের সময়সীমা মূল সাজা থেকে বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

