স্কুলছাত্রীকে উত্ত্যাক্ত করায় যুবকের ৬ মাসের কারাদণ্ড

বাসাইলে স্কুলছাত্রীকে উত্ত্যাক্ত করায় যুবকের ৬ মাসের কারাদণ্ড

টাঙ্গাইলের বাসাইলে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে নিহাদ (২১) নামের এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

​রবিবার (৩০ আগস্ট) দুপুরে বাসাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ এ দণ্ডাদেশ দেন।দণ্ডপ্রাপ্ত নিহাদ বাসাইল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পূর্বপাড়া এলাকার আমীর হোসেনের ছেলে।

আরো পড়ুনঃ বাসাইলে ১০টি ঘোড়া জবাই করে মাংস নিয়ে গেছে দুর্বৃত্তরা

​পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রবিবার সকালে বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের কয়েকজন ছাত্রী বাড়ি থেকে স্কুলে যাচ্ছিল। এ সময় স্থানীয় সালাউদ্দিনের মুদি দোকান অতিক্রম করার পরে অপর দিক থেকে মোটরসাইকেল নিয়ে এসে ওই ছাত্রীদের উত্ত্যক্ত ও শরীরে স্পর্শের চেষ্টা করে নিহাদ।

অভিযোগ পেয়ে পুলিশ তাৎক্ষণিক নিহাদকে হাতেনাতে আটক করে। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

​নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ বলেন, নারী ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।