করটিয়া কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের ৫০ বছর পূর্তি পুনর্মিলনী সম্পন্ন

করটিয়া কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের ৫০ বছর পূর্তি পুনর্মিলনী সম্পন্ন

জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী করটিয়া সরকারি সা’দত কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের ৫০ বছর পূর্তি (সুবর্ণজয়ন্তী) ও শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে এই সুবর্ণজয়ন্তী উদযাপিত হয়।

সকালে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে এবং কেক কাটার মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা করেন আমন্ত্রিত অতিথিরা। পরে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ক্যাম্পাস ও আশপাশের এলাকা প্রদক্ষিণ করে।

আরো পড়ুনঃ

টাংগাইলে ১৩ বছরেও শেষ হয়নি বিএনপি নেতা ফারুক হত্যা মামলার বিচার, নেতাকর্মী ও স্বজনদের ক্ষোভ

​পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর এস এম গিয়াস উদ্দিন। প্রধান অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর সৈয়দ শরীফ উদ্দিন ইস্পাহানী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক ড. শেখ ফরিদ।

অন্যান্যের মধ্যে কলেজের সাবেক ও বর্তমান শিক্ষকমণ্ডলী এবং বিভাগের প্রবীণ প্রাক্তন শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। বক্তারা কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের ইতিহাস, শিক্ষা ক্ষেত্রে অবদান এবং দেশ গঠনে শিক্ষার্থীদের ভূমিকা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

​অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের স্মৃতিচারণ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন পর পুরোনো সহপাঠী ও প্রিয় শিক্ষকদের কাছে পেয়ে আনন্দে মেতে ওঠেন সব বয়সের প্রাক্তন শিক্ষার্থীরা। ক্যাম্পাসজুড়ে নেমে আসে এক আবেগঘন ও আনন্দের আমেজ।

মধ্যাহ্নভোজ ও ঐতিহ্যবাহী স্মারক বিতরণের মধ্য দিয়ে সফলভাবে সমাপ্ত হয় এই সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠান।