বাসাইলে মোটরসাইকেলের ধাক্কায় এক নারী নিহত

বাসাইলে মোটরসাইকেলের ধাক্কায় এক নারী নিহত

টাঙ্গাইলের বাসাইলে প্রাতর্ভ্রমণে বের হয়ে অজ্ঞাতনামা দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় রংমালা রানী (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বাসুলিয়া চাপড়াবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রংমালা রানী বাসাইল সদর ইউনিয়নের হান্দুলীপাড়া গ্রামের নরেন্দ্র মন্ডলের স্ত্রী।

আরো পড়ুনঃ

বাসাইলে আনসার সদস্য হত্যার ঘটনায় ২ জন গ্রেফতার

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো আজও সকালে স্বামী নরেন্দ্র মন্ডলের সঙ্গে প্রাতর্ভ্রমণে বের হয়েছিলেন রংমালা রানী। তারা বাসুলিয়া এলাকায় পৌঁছালে বাসাইল থেকে নলুয়াগামী দ্রুতগতির একটি অজ্ঞাতনামা মোটরসাইকেল পেছন দিক থেকে তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে যান। এ সময় তার পরনের কাপড় মোটরসাইকেলের সঙ্গে জড়িয়ে গেলেও চালক গাড়ি না থামিয়ে তাকে রেখেই দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় রেফার্ড করেন। পরবর্তীতে ঢাকা নেওয়ার জন্য হাসপাতাল থেকে বের হওয়ার সাথেই সাথেই তিনি মারা যান।

​এ বিষয়ে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং ঘাতক মোটরসাইকেল ও চালককে শনাক্ত করতে পুলিশ কাজ করছে।”