টাঙ্গাইলের নাগরপুরে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে ইয়ামিন মিয়া (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৭ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ইয়ামিন মিয়া নাগরপুর সদর এলাকার নুর মোহাম্মদ মিয়ার ছেলে। পুলিশ জানিয়েছে, তিনি ভুক্তভোগী কিশোরীর আত্মীয়।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে কৌশলে ওই কিশোরীকে নিজের বসতঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন বলে ইয়ামিনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
আরো পড়ুনঃ কক্সবাজারে নিহত নাগরপুরের দুই বোনের দাফন সম্পন্ন
এ ঘটনায় শুক্রবার (৬ নভেম্বর) রাতে ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে নাগরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার পর ওই রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত ইয়ামিন মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।
নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম জানান, গ্রেপ্তারের পর শনিবার অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া ভুক্তভোগী কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

