চোর ধরতে গিয়ে ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত

নাগরপুরে চোর ধরতে গিয়ে ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত

টাঙ্গাইলের নাগরপুরে চোর ধরতে গিয়ে ছুরিকাঘাতে মজনু মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় চোরকে বাধা দিতে গিয়ে আরও দুজন আহত হয়েছেন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোরে উপজেলার বারাপুষা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মজনু মিয়া ওই গ্রামের মৃত বেল্লাল মিয়ার ছেলে। পরে স্থানীয়রা ছামিনুর মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার ভোরে মজনু মিয়ার বাড়িতে চুরি করতে যান ছামিনুর। এ সময় গৃহকর্তার ছোট মেয়ে জুলেখা প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয়ে তাকে দেখতে পান। পরে চোর চোর বলে চিৎকার করলে ছামিনুর খড়ের গাদার পেছনে লুকিয়ে পড়েন।

আরো পড়ুনঃ নাগরপুরে ভীমরুলের কামড়ে এক ব্যক্তির মৃত্যু চিকিৎসায় গাফিলতির অভিযোগ

একপর্যায়ে মজনু মিয়া তাকে ঝাপটে ধরলে ছামিনুর হাতে থাকা ছুরি দিয়ে তার ঘাড় ও গলায় এলোপাতাড়ি আঘাত করেন। প্রতিবেশী আলতাফ ও নাজমুল তাকে বাঁচাতে এগিয়ে এলে ছামিনুর তাদেরও ছুরি দিয়ে আঘাত করেন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মজনু মিয়াকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার মীর রকিবুল ইসলাম লীন বলেন, ছুরির আঘাতে মজনু মিয়ার ক্যারোটিড আর্টারি কেটে যাওয়ায় তার মৃত্যু হয়েছে। অপর আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় ছামিনুর মিয়াকে গ্রেফতার করা হয়েছে। তিনি পুলিশ হেফাজতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

ওসি আরও বলেন, এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।