মানব জাতির ইতিহাসে ভাসানীর মতো আর কোনো নেতা আসবেন না

মানব জাতির ইতিহাসে ভাসানীর মতো আর কোনো নেতা আসবেন না

কবি আবদুল হাই শিকদার বলেছেন, মৃত্তিকার আদি স্তুর থেকে উঠে এসেছিলেন মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী। তার জীবনের প্রতিটি ধাপ ছিল একটি যুদ্ধ—শোষন, নির্যাতিত, নিপীড়িত পক্ষে কাজ করে গেছেন। মানব জাতির ইতিহাসে ভাসানীর মতো আর কোনো নেতা আসবেন না।

রোববার (১৫ নভেম্বর) দুপুরে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম ওফাতবার্ষিকী উপলক্ষে ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘মওলানা ভাসানীর বিশ্বশান্তি দর্শন’ শীর্ষক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে আবদুল হাই শিকদার এসব কথা বলেন।

আরো পড়ুনঃ মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির কমিটি গঠন

সেমিনারে তিনি বলেন, মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীকে বুঝতে হলে বাংলাদেশ ও বাংলাদেশের মানুষকে বুঝতে হবে। কারণ বাংলাদেশ ও মাওলানা ভাসানী প্রকৃত অর্থেই এক ও অবিভাজ্য সত্তা। তিনি ছিলেন শোষণ, বৈষম্য, সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে আজীবন সংগ্রামী নেতা এবং বিশ্বশান্তি ও মজলুম মানুষের মুক্তির প্রতীক। তাঁর আদর্শ ও রাজনৈতিক দর্শন বর্তমান প্রজন্মের জন্যও অত্যন্ত প্রাসঙ্গিক।

সেমিনারে কবি আবদুল হাই শিকদার বলেন, মওলানা ভাসানী ক্ষমতার রাজনীতি করেননি; বরং রাজনীতিকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছিলেন। কৃষক, শ্রমিক ও নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি আজীবন সংগ্রাম করেছেন। কাগমারী সম্মেলন, ঐতিহাসিক ‘আসসালামু আলাইকুম’ উচ্চারণ এবং ফারাক্কা লংমার্চ তাঁর দূরদর্শী নেতৃত্বের উজ্জ্বল দৃষ্টান্ত।

তিনি আরও বলেন, মাওলানা ভাসানীর রাজনৈতিক দর্শনের পাশাপাশি সাংস্কৃতিক চিন্তাভাবনাও ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনীতি ও সংস্কৃতির মধ্যে নিবিড় সম্পর্ক থাকা প্রয়োজন বলে তিনি মনে করতেন।

‘হক কথা’ পত্রিকার ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এটি ছিল অন্যায়, শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে শক্তিশালী প্রতিবাদী কণ্ঠস্বর। পত্রিকাটির প্রকাশিত বিভিন্ন ঐতিহাসিক দলিল বাংলাদেশের রাজনৈতিক ও সাংবাদিকতার ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখেছিলেন মওলানা ভাসানী। যেখানে পড়াশোনার পাশাপাশি হাতের কাজও শেখানো হবে। যাতে পড়াশোনা শেষ করে কাউকে আর বেকার থাকতে না হয়। কিন্তু আমরা সকলে মিলে ইসলামী বিশ্ববিদ্যালয়কে হত্যা করেছি। মওলানা ভাসানীর স্বপ্নের ইসলামী বিশ্ববিদ্যালয়ের চিন্তা ও আদর্শকে বর্তমান বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও উন্নয়ন কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। তাঁর স্মৃতি সংরক্ষণে পীর শাহজামানের নামে একটি ছাত্রাবাস এবং রাবেয়া বসরীর নামে একটি ছাত্রীনিবাস প্রতিষ্ঠার প্রস্তাবও দেন তিনি।

প্রধান আলোচক তাঁর বক্তব্যের শেষ পর্যায়ে বলেন, শুধু আলোচনা ও স্মরণসভায় সীমাবদ্ধ থাকলে মওলানা ভাসানীর প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো হবে না; বরং তাঁর আদর্শ বাস্তবায়নের মধ্য দিয়েই তাঁকে যথার্থভাবে মূল্যায়ন করতে হবে। অন্যায়, স্বৈরতন্ত্র, শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামে মওলানা ভাসানীর আদর্শই হতে পারে আমাদের পথচলার দিকনির্দেশনা। এর আগে সকালে মওলানা ভাসানীর মাজার জিয়ারত করেন দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আবদুল হাই শিকদার।

বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনের সেমিনার হলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক মো. আনিছুর রহমান এবং জেলা পরিষদের প্রশাসক এস এম ওবায়দুল হক। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন মাওলানা ভাসানী ফাউন্ডেশনের সদস্য সচিব মাহমুদুল হক সানু।

সেমিনারে বিশেষ আলোচক মাহমুদুল হক সানু মাওলানা ভাসানীর আদর্শ, রাজনৈতিক সংগ্রাম ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরেন। বিশেষ অতিথি এস এম ওবায়দুল হক তাঁর বক্তব্যে মাওলানা ভাসানীর জীবন, আদর্শ ও টাঙ্গাইলের মানুষের সঙ্গে তাঁর আত্মিক সম্পর্কের বিষয়টি তুলে ধরেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সেমিনার উপ-কমিটি-২০২৬-এর আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ মতিউর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাওলানা ভাসানী স্টাডিজের কোর্স টিচার সৈয়দা উসতু আনা হান্নানা। প্রবন্ধের ওপর আলোচনায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবু জুবাইর, বিজিই বিভাগের অধ্যাপক ও রেজিস্ট্রার দায়িত্বপ্রাপ্ত  ড. এ কে এম মহিউদ্দিন এবং প্রক্টর অধ্যাপক ড. মনির মোর্শেদ। এ সময় বিশ^বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।