টাঙ্গাইলে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন করা হচ্ছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোর থেকে টাঙ্গাইলের সন্তোষে ভাসানীর মাজারে মানুষের ঢল নামে। ফুলে ফুলে ঢেকে গেছে ভাসানীর মাজার।
বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় মানুষ স্মরণ করে মহান এই নেতাকে। তার অসংখ্য মুরিদান ও ভক্তদের কণ্ঠে যুগ যুগ জিও তুমি মওলানা ভাসানী স্লোগানে মুখরিত হয়ে উঠে মজলুম জননেতার সমাধিস্থল টাঙ্গাইলের সন্তোষে অবস্থিত মাজার প্রাঙ্গণ। এছাড়া মাজারের আশপাশে বিভিন্ন দোকানে পসরা বসে।
আরো পড়ুনঃ মানব জাতির ইতিহাসে ভাসানীর মতো আর কোনো নেতা আসবেন না
সকাল সাড়ে ৭টার দিকে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজারে পুস্পস্তবক অর্পণ ও মাজার জিয়ারতের মধ্যদিয়ে কর্মসূচি উদ্বোধন করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম। এরপর ভাসানী পরিবার, টাঙ্গাইল, প্রেসক্লাব, ন্যাপ ভাসানী, ভাসানী পরিষদ ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসস্থ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকেও পৃথকভাবে পুস্পস্তবক অর্পণ করা হয়।

এছাড়াও বিএনপি, জামায়াত, কৃষক শ্রমিক জনতা লীগ, এনসিপি, গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করবেন।
ক’দিন আগে থেকেই ভাসানাীর ভক্ত-মুরিদানরা দেশের বিভিন্ন জায়গা থেকে সন্তোষে আসতে শুরু করেন।
প্রসঙ্গত, ১৯৭৬ সালের ১৭ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। পরে টাঙ্গাইলের সন্তোষে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

