টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় বংশাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজের ২৫ ঘণ্টা পর ইসমাইল হোসেন (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রবিবার (২৬ জুলাই) বিকেল পৌনে ৬টার দিকে উপজেলার আজগানা ইউনিয়নের হাটুভাঙ্গা ঘাট এলাকার অদূরে মরদেহটি ভেসে উঠলে পরিবারের সদস্যরা তা উদ্ধার করেন।
আরো পড়ুনঃ মির্জাপুরে বংশাই নদীতে গোসল করতে নেমে এক কিশোর নিখোঁজ
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, গতকাল শনিবার গাজীপুরের কোনাবাড়ী এলাকার বাগিয়া নদীর ঘাট থেকে ৭০ থেকে ৮০ জন নৌভ্রমণে মির্জাপুরে আসেন। বিকেল ৪টার দিকে ইসমাইল সহপাঠীদের সঙ্গে বংশাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়।
খবর পেয়ে মির্জাপুর ফায়ার সার্ভিসের ডুবুরিদল প্রায় দুই ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়েও তাকে খুঁজে পায়নি।
মির্জাপুর ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার এরশাদ হোসেন জানান, দ্বিতীয় দিনের উদ্ধার অভিযানের মধ্যেই বিকেল পৌনে ৬টার দিকে হাটুভাঙ্গা ঘাট থেকে কিছু দূরে ইসমাইলের মরদেহ ভেসে ওঠে। পরে পরিবারের সদস্যরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

