টাঙ্গাইলের সখীপুরে আউয়াল শফীক (৪৫) নামে এক স্বাস্থ্য সহকারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার নলুয়া-টাঙ্গাইল সড়কের নলুয়া বাজারের পশ্চিম পাশে পুকুরপাড় এলাকায় তাকে পড়ে থাকতে দেখা যায়।
নিহত আউয়াল শফীক সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সহকারী হিসেবে কর্মরত ছিলেন। তিনি উপজেলার বোয়ালী গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনের ছেলে।
স্থানীয়দের দাবি, সড়কে পড়ে থাকা অবস্থায় আউয়াল শফীকের গলায় কাটার দাগ দেখা যায়। এতে এটি সড়ক দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড— তা নিয়ে পরিবার ও স্থানীয়দের মধ্যে সন্দেহ তৈরি হয়।
আরো পড়ুনঃ
বিএনপির নেতৃত্বেই দেশে গণতন্ত্রের বিজয় হয়েছে-সুলতান সালাউদ্দিন টুকু
নিহতের বোনজামাই সুজন আহমেদ বলেন, প্রাথমিকভাবে ট্রাকচাপায় আউয়াল শফীকের মৃত্যু হয়েছে বলে জানা যায়। তবে গলায় কাটার দাগ পাওয়ায় বিষয়টি রহস্যজনক হয়ে উঠেছে। তার মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে প্রশাসনের প্রতি জোর দাবি জানান তিনি।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন বলেন, ঘটনাটি সড়ক দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড, তা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

