টাঙ্গাইলের কালিহাতীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় মাহফুজ (৪০) নামের এক মোটরসাইকেলের আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো এক শিশু। সোমবার (৭ এপ্রিল) দুপুর ২টার দিকে টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের উপজেলার চরভাবলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহফুজ সিরাজগঞ্জের কাজীপুরের তজিম উদ্দিনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন যমুনা সেতু পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) নাজিম উদ্দীন।এসআই নাজিম উদ্দিন জানান, মহাসড়কের চর ভাবলা ২ নম্বর ব্রিজ এলাকায় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা এইচডি পরিবহনের ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত হন। এ সময় মোটরসাইকেলে থাকা ১১ বছরের একটি শিশু গুরুতর আহত হয়।
ঘটনাস্থল থেকে শিশুটিকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হলেও চালক এবং হেলপার পালিয়ে গেছেন।দুর্ঘটনার পর মহাসড়কের দুই পাশে যানজট সৃষ্টি হয়। পরবর্তীতে বাস এবং মোটরসাইকেলটি মহাসড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।
লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।