টাঙ্গাইলের গোপালপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও নগদাশিমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান সোহেলকে গ্রেফতার করেছে পুলিশ। রংপুরের একটি আবাসিক হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, রংপুর মেট্রোপলিটন পুলিশের সহায়তায় গোপালপুর থানা পুলিশ রংপুর কোতোয়ালি থানার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে আসাদুজ্জামান সোহেলকে গ্রেফতার করে।
গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আসাদুজ্জামান সোহেলের বিরুদ্ধে গোপালপুর থানায় দুটি এবং মির্জাপুর থানায় একটি মামলা রয়েছে।
গ্রেফতারের পর আসাদুজ্জামান সোহেলকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিজ্ঞ আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে এবং মামলাগুলোর বিস্তারিত অভিযোগ সম্পর্কে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

