ঘাটাইল হাসপাতালে দুদকের অভিযান

ঘাটাইল হাসপাতালে দুদকের অভিযান

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেয়াদোত্তীর্ণ ওষুধ যমুনা নদীতে ফেলে দেয়ার ঘটনায় তদন্তে হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে দুদকের একটি দল ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালায়।

আরো পড়ুনঃ ঘাটাইলে টাইফয়েডে দৃষ্টিহারানো গফুরের ঘুরে দাড়ানোর গল্প

টাঙ্গাইল জেলা দুদকের উপপরিচালক মো: ফখরুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় হাসপাতালের ওষুধ সংরক্ষণ, মজুদ ও বিতরণসংক্রান্ত বিভিন্ন নথিপত্র যাচাই করা হয়। পাশাপাশি মেয়াদোত্তীর্ণ ওষুধ কিভাবে সংরক্ষণ করা হয়েছিল এবং সেগুলো যমুনা নদীতে ফেলার জন্য কিভাবে পরিবহন করা হয়েছিল, সে বিষয়েও তথ্য সংগ্রহ করেন দুদকের কর্মকর্তারা।

জেলা দুদকের উপপরিচালক মো: ফখরুল ইসলাম বলেন, ঘটনাটি ধামাচাপা দেয়ার জন্য একটি চুরির মামলা করা হয়েছে। এছাড়া আর কোনো মামলা করা হয়নি। আলামত নষ্ট করার জন্য বিভিন্ন ওষুধ ছড়িয়ে-ছিটিয়ে রাখা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এখন পর্যন্ত ওষুধগুলোর বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কোনো তথ্য দিতে পারেনি।

এর আগে, সরকারি হাসপাতালের মেয়াদোত্তীর্ণ এক ট্রাক ওষুধ পাশের উপজেলার যমুনা নদীতে ফেলে দেয়ার সময় চালকসহ কয়েকজনকে আটক করা হয়। এ ঘটনায় তদন্তের অংশ হিসেবে দুদক এ অভিযান চালায়।