টাংগাইলে পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার দুই আসামী গ্রেফতার

টাঙ্গাইলে পৃথক অভিযানে একটি হত্যা মামলা ও একটি অপহরণ মামলার দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪।

গত শনিবার র‌্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

র‌্যাব জানায়, প্রথম অভিযানে ক্লুলেস হত্যা মামলার পলাতক আসামি মো. রিপন তরফদার (৩৮)কে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ মে রাতে এক ব্যক্তি গরুর ভুষি কিনতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরদিন তাঁর জুতা, মোবাইল ফোন ও ভুষির ব্যাগ উদ্ধার করা হয়। ২৬ মে কালিহাতী উপজেলার বল্লা ইউনিয়নের সরাগী উত্তরপাড়া বউলা বিল থেকে বস্তাবন্দী অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহত ব্যক্তির বাবা কালিহাতী থানায় হত্যা মামলা করেন। পরে গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্তের ভিত্তিতে গত ১ আগস্ট রাতে সখীপুর উপজেলার সোলা প্রতিমা দরিয়াপুর এলাকা থেকে রিপন তরফদারকে গ্রেপ্তার করা হয়।

অন্য অভিযানে অপহরণ মামলার পলাতক আসামি মো. সাব্বির মিয়া (১৯)কে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার অনুযায়ী, স্থানীয় একটি মাদ্রাসার দশম শ্রেণির এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতেন সাব্বির। প্রস্তাবে সাড়া না দেওয়ায় গত ২৩ জুন ক্লাস শেষে বাড়ি ফেরার পথে সহযোগীদের নিয়ে তাকে জোর করে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে অপহরণ করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা ভূঞাপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। তদন্তকারী কর্মকর্তার আবেদনের পর গত ১ আগস্ট দুপুরে র‌্যাব-১-এর সহায়তায় ঢাকার উত্তরা পশ্চিম থানার আনোয়ার খান মডার্ন ইউনিভার্সিটি এলাকা থেকে সাব্বির মিয়াকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানিয়েছে, গ্রেপ্তার দুই আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।