দুস্থ পরিবার, রোগী ও শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ

টাঙ্গাইল জেলা পরিষদের উদ্যোগে ২৩ লাখ টাকার চেক বিতরণ

টাঙ্গাইল জেলা পরিষদের উদ্যোগে অসহায় ও দুস্থ পরিবার, ক্যানসার-কিডনি আক্রান্ত রোগী এবং গরিব মেধাবী শিক্ষার্থীদের মাঝে ২৩ লাখ টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এস এম ওবায়দুল হক নাসির। এতে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট এস এম ওবায়দুল হক নাসির বলেন, “চিকিৎসাবঞ্চিত রোগী এবং অসহায় গরিব মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় জেলা পরিষদ নিয়মিত অনুদান দিয়ে আসছে। বিশেষ করে ক্যানসার ও কিডনি রোগে আক্রান্তদের চিকিৎসা সহায়তায় এই অর্থ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” ভবিষ্যতে এই সহায়তার পরিধি আরও বাড়ানোর আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো জেলা পরিষদের অন্যতম দায়িত্ব।

অনুদানের চেক গ্রহণ করে কয়েকজন উপকারভোগী জানান, অর্থাভাবে দীর্ঘদিন প্রয়োজনীয় চিকিৎসা করাতে পারছিলেন না। এই আর্থিক সহায়তা তাদের চিকিৎসা চালিয়ে নিতে বড় সহায়তা করবে। এ জন্য তাঁরা জেলা পরিষদের প্রতি কৃতজ্ঞতা জানান।