তারেক রহমানের ৩১ দফা নিয়ে ঘাটাইলে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন এস এম ওবায়দুল হক নাসির

রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে টাঙ্গাইলের ঘাটাইলে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এস এম ওবায়দুল হক নাসির। টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী তিনি।

গণসংযোগের অংশ হিসেবে শুক্রবার ও শনিবার ধারাবাহিকভাবে ঘাটাইলের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ ও পথসভা করেন।

কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওবায়দুল হক নাসির বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক দল।

সর্বদাই মানুষের কল্যাণে কাজ করে থাকে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের নেতা তারেক রহমান ঘোষিত ৩১ দফার বার্তা প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দিচ্ছি।তিনি আরো বলেন, দেশের প্রয়োজনে দ্রুত একটি সুষ্ঠু নির্বাচন প্রয়োজন। জনগণ ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থী নির্বাচিত করবে এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেবে।

বিএনপি জনগণের অধিকার আদায়ে বদ্ধ পরিকর। জনগণের কথা বলতে গিয়েই বিএনপির নেতাকর্মীরা বিগত সরকারের দ্বারা ১৬ বছর অন্যায় অত্যাচারের শিকার হয়েছেন। জেল খেটেছেন, আহত ও নিহত হয়েছেন। তবুও শহীদ প্রেসিডেন্ট জিয়ার আদর্শ থেকে সরেন নাই।

গণসংযোগে ঘাটাইল উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।