বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংস্কৃতিক সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসীন হলের সাবেক জিএস সাইদুর রহমান সাঈদ সোহরাব বলেছেন, বিগত ১৫টি বছর স্বৈরাচার শেখ হাসিনার রক্তচক্ষু উপেক্ষা করে জেল-জুলুম হুলিয়া মাথায় নিয়ে আন্দোলন সংগ্রাম করেছি।
বীর মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের একজন জনপ্রিয় ও সৎ নেতা। আমরা তার প্রতিষ্ঠিত দল করে গর্ববোধ করি। বিএনপির দুর্নাম হয় এমন কোনো কাজ আমরা করব না।
শনিবার (২৮ জুন) বিকেলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম সাহাদত বার্ষিকী উপলক্ষে মির্জাপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
এর আগে সাঈদ সোহরাবের নেতৃত্বে মির্জাপুর শহরে গণমিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান বলেন, সমস্ত লুটেরা চাঁদাবাজদের বিরুদ্ধে গত ১৭ বছর আন্দোলন সংগ্রাম করে আজকে দেশের যে নতুন অবস্থা তৈরি করেছি এই অবস্থায় আমরা ভালো মানুষকে পার্লামেন্টে পাঠাতে চাই। সাঈদ সোহরাব একজন ক্লিন ইমেজের মানুষ। মির্জাপুর বিএনপি তার সঙ্গে হিমালয়ের মতো থাকবেন বলে তিনি উল্লেখ করেন।

