টাঙ্গাইলের মির্জাপুরে ফতেপুরে ময়নাল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ টি এম মতিন এক বছর ধরে বিদ্যালয়ে অনুপস্থিত। তবে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন নিয়মিত বলে অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া বিদ্যালয়ের প্রয়োজনীয় কাগজপত্রে গোপন স্থান থেকে স্বাক্ষর করেন বলে জানা গেছে।
বিদ্যালয় সূত্র জানায়, ২০২৪ সালের প্রথম দিকে স্থানীয় লোকজন ও শিক্ষার্থীরা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ টি এম মতিনের বিরুদ্ধে যৌন হযরানির অভিযোগ এনে আন্দোলন করেন।

সহকারী প্রধান শিক্ষক গৌর চন্দ্র সরকার বলেন, প্রধান শিক্ষক ঢাকায় থাকেন। দীর্ঘ সময় অনুপস্থিত থাকার পর হঠাৎ একদিন এসে কাগজপত্রে স্বাক্ষর করে গেছেন।
বিদ্যালয়ের পরিচালনার অ্যাডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট হাবিবুর রহমান বলেন, ২১ মে তিনি দায়িত্ব পেয়েছেন। এর এক বছর আগে থেকে প্রধান শিক্ষক এ টি এম মতিন বিদ্যালয়ে অনুপস্থিত। বিষয়টি উপজেলা নির্বাহী কমকর্তা এ বি এম আরিফুল ইসলাম ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পরামর্শে তাকে নোটিশ দেওয়া হয়েছে।
মির্জাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার হায়দার বলেন, নিরাপত্তাহীনতার কারণে প্রধান শিক্ষক বিদ্যালয়ে আসেন না বলে অ্যাডহক কমিটির সভাপতি সভায় জানিয়েছেন। প্রধান শিক্ষক বিদ্যালয়ে না আসার বিরুদ্ধে পরিচালনা কমিটি ব্যবস্থা নেবে।

