মূল্যস্ফীতি যেটুকু কমেছিল সেটা আবার ঊর্ধ্বমুখী হচ্ছে-ড. দেবপ্রিয় ভট্টাচার্য

বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, মূল্যস্ফীতি যেটুকু কমেছিল সেটা আবার ঊর্ধ্বমুখী হচ্ছে। দেশে চাল, তেল সবজি ইত্যাদির দাম বেড়েছে। এরকম যদি বাড়তে থাকে এবং যদি মজুরি-বেতনের সামঞ্জস্য না থাকে, তাহলে দারিদ্র্যের হার বাড়বে, বৈষম্য বাড়বে। এটার ভেতরে পুষ্টিহীনতা যুক্ত হয়েছে।

এই রকম পরিস্থিতিতে আমরা যে নির্বাচন, রাজনৈতিক উত্তরণ চাচ্ছি- সেটাকে বাঁধাগ্রস্ত করবে। দেশের অর্থনীতির অবস্থা কোনোভাবেই খারাপ হতে দেওয়া যাবে না। সবাই এখন নির্বাচন, সনদ ও সংবিধান নিয়ে ব্যস্ত হয়ে গেছে। এটার কারণে বিনিয়োগ, কর্মসংস্থান ও মজুরি এগুলো নজর দেয়া কম হচ্ছে।
শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে টাঙ্গাইলের কালিহাতীতে এলেঙ্গা রিসোর্টে ইউনিটি অ্যাসোসিয়েশনের উদ্যোগে এসএসসিতে জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বাংলাদেশকে যদি উন্নয়নের পরবর্তী পর্যায়ে নিতে হয়, তাহলে মানসম্পন্ন শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ। বিগত সময়কালে যেসমস্ত শিক্ষার্থী পাস করেছে, সেই পরিমাণে তারা গুণগত শিক্ষা পায়নি। সেখানে বড় ধরনের ফাঁকি ছিল।
এবার মাধ্যমিক পরীক্ষার ভেতর দিয়ে সেই ফাঁকটি ধরা পড়েছে। তারা পাস করছে। কিন্তু তারা ভর্তি হতে পারছে না। কারণ যোগ্যতার মাপকাঠিতে তারা পাচ্ছে না। এর সঙ্গে ভয়াবহভাবে যুক্ত হচ্ছে শিক্ষকদের যোগ্যতা হ্রাস।
কারণ বিভিন্নভাবে শিক্ষকরা নিয়োগ পেয়েছেন, যাদের যোগ্যতার ঘাটতি আছে। এবার বাজেটে স্কুলে যাতে একবেলা খাওয়ার ব্যবস্থা হয়, সেটার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হয়েছে। এটা জাতীয়ভাবে আগামীদিনে ছড়াতে হবে। যাতে প্রত্যেক স্কুলে শিক্ষার্থীরা পুষ্টিকর খাবার পায়

ইউনিটি অ্যাসোসিয়েশনের সভাপতি সুজন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ভূমি মন্ত্রণালয়ের উপসচিব এস এম জাহাঙ্গীর হোসেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, কালিহাতী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কবীর, লুৎফর রহমান মতিন মহিলা কলেজের অধ্যক্ষ শহীদুল ইসলাম প্রমুখ।