মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, টাঙ্গাইলের সখীপুরের প্রতিটি মানুষ যাতে শান্তিতে ঘুমাতে পারেন, ব্যবসায়ীরা যাতে চাঁদাবাজি ও হয়রানিমুক্ত থাকতে পারেন, তা নিশ্চিত করতে হবে। কেউ কাউকে হয়রানি করবেন না। কাউকে হয়রানি করার সুযোগ দেবেন না।
আরো পড়ুনঃ সখীপুরে কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিলেন কলেজ ছাত্র দুই বন্ধু
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে সখীপুর উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ডাকবাংলো চত্বরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নিজেকে সখীপুরের মানুষের কর্মী ও সেবক উল্লেখ করে আহমেদ আযম খান বলেন, সখীপুরের রাস্তাঘাট, স্কুল-কলেজ, মসজিদ-মাদরাসা, মন্দির ও শ্মশানের উন্নয়নে হাজার হাজার কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। সখীপুর আর অবহেলিত থাকবে না। উপজেলা যুবদলের আহ্বায়ক ফরহাদ ইকবালের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন-উপজেলা বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম, ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুহম্মদ কবির হাসান, উপজেলা যুবদলের সদস্যসচিব নাসির উদ্দিন আহমেদসহ উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীরা।

