সামরিক শাসন জারির দায়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে অপসারণ করল আদালত

সর্বসম্মতিক্রমে দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইওলের অভিশংসন বহাল রাখার পক্ষে ভোট দিয়েছেন দেশটির সাংবিধানিক আদালতের বিচারকদের প্যানেল।

আজ চৌঠা এপ্রিল স্থানীয় সময় সকাল ১১টার দিকে আদালত এই রায় জানিয়েছে।

এর অর্থ হলো এখন আনুষ্ঠানিকভাবে দেশটির প্রেসিডেন্টের পদ থেকে তাকে অপসারণ করা হচ্ছে।

ডিসেম্বরে দক্ষিণ কোরিয়ায় অযাচিতভাবে সামরিক আইন জারির দায়ে প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে অভিশংসন ও বরখাস্ত করা হয়।

সেসময় পার্লামেন্টের ভোটে তাকে সাময়িকভাবে অপসারণ করা হয়।

কিন্তু অবশেষে আজ দেশটির সাংবিধানিক আদালতের রায়ে এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে গৃহীত হল।

আগামী দুই মাস, অর্থাৎ পরবর্তী ৬০ দিনের মাঝে দেশটির নতুন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ রায়ের মধ্য দিয়ে ইউনের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ হলেও দেশটির পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে।

রাজধানী সোলের রাস্তায় ইউন-পন্থী ও বিরোধী হাজারো বিক্ষোভকারী অবস্থান নিয়েছেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

এদিকে, দক্ষিণ কোরিয়ার স্থানীয় গণমাধ্যম জানিয়েছে যে দেশটির অ্যাক্টিং বা কার্যনির্বাহী প্রেসিডেন্ট হ্যান ডাক-স্যু জননিরাপত্তা বজায় রাখার জন্য একটি জরুরি আদেশ জারি করেছেন।