আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৪ কালিহাতী আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ার ঘোষণা দিয়েছেন আবদুল লতিফ সিদ্দিকী।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় কালিহাতীর বাসায় আনুষ্ঠানিকভাবে তার নেতাকর্মীদের এ তথ্য জানান। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠন লতিফ সিদ্দিকী সাবেক মন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ছিলেন। এ সিদ্ধান্তে তার ভক্ত-অনুসারীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্বাগত জানিয়ে পোস্ট দিচ্ছেন।
আবদুল লতিফ সিদ্দিকী বলেন, গত কয়েকদিন ধরে আমি দ্বন্দ্বে ছিলাম, নির্বাচনে অংশ নেব কি নেব না। আমি সব সময় জনগণের মতামত ও জন রায়কে প্রাধান্য দিয়ে রাজনীতি করি।
এবার এ আসনে বিএনপির প্রার্থী কেন্দ্রীয় সদস্য শিল্পপতি লুৎফর রহমান মতিন, জামায়াতে ইসলামীর প্রার্থী দলটির জেলার নায়েবে আমির অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক ও জাপার প্রার্থী ইঞ্জিনিয়ার লিয়াকত আলী। এছাড়া নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র কিনেছেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো ও ড্যাব নেতা অধ্যাপক ডা. শাহআলম তালুকদার। এ আসনে বিএনপির অভ্যন্তরীণ-কোন্দল বিরোধ রয়েছে।

