নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৫ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার (৭ জুলাই) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার গোড়াই শিল্পাঞ্চল এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, টাঙ্গাইল জেলা অটো টেম্পু, অটো রিকশা, সিএনজি শ্রমিক অফিসের নেতৃত্ব দিতে এলাকার দুই গ্রুপের মধ্যে কয়েকদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল।

আহতরা হলেন, স্থানীয় এমপির একান্ত সহকারী মীর আসিফ অনিকের ভাই মীর রাহিম, মীর হাসিব রেজা (৩০), অভি সিদ্দিকী (৩৩), বাহার খান (৩০) ও নাজিম উদ্দিন (৩৫)।
এই ঘটনায় টাঙ্গাইল জেলা অটো টেম্পু, অটো রিকশা, সিএনজি শ্রমিক ইউনিয়ন গোড়াই হাটুভাঙ্গা শাখার সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক প্রিন্স এবং মীর রাহিম মির্জাপুর থানায় পৃথক লিখিত অভিযোগ করেছেন।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

