কালিহাতীতে নিষিদ্ধ চায়না জাল পুড়িয়ে ধ্বংস

টাঙ্গাইলের কালিহাতীতে অভিযান চালিয়ে প্রায় দুই লাখ টাকার নিষিদ্ধ চায়না ও কারেন্ট জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (২১ জুলাই) বিকেলে উপজেলার কোকডহরা ইউনিয়নের চারান বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুল ইসলাম। তিনি জানান, উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ চায়না ও কারেন্ট জাল দিয়ে দেশীয় মাছের পোনা, মা মাছ এবং অন্যান্য ক্ষুদ্র জলজ প্রাণী নির্বিচারে ধ্বংস করা হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে চারান বাজারের একটি গোডাউনে অভিযান চালানো হয়।

অভিযানে ১ হাজার ৫০০ মিটার চায়না জাল ও ১ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় দুই লাখ টাকা। পরে এসব জাল প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়। তবে এ সময় জাল ব্যবসায়ীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ইউএনও খায়রুল ইসলাম বলেন, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও জলজ জীববৈচিত্র্য রক্ষার স্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।