টাঙ্গাইলের কালিহাতীতে কালোবাজারির জব্দ করা চাল এতিম শিশুদের হাতে তুলে দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুল ইসলাম। সোমবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে ৩৯ বস্ত চাল উপজেলার ৭টি এতিমখানায় বিতরণ করা হয়। এ উদ্যোগকে প্রশংসা জানিয়েছেন সাধারণ মানুষ। প্রতি বস্তায় কমপক্ষে ৪০ কেজি করে চাল রয়েছে।
এতিমখানার শিক্ষক, পরিচালক ও এলাকাবাসী বলেন, ইউএনওর এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই। অসহায় শিশুদের মুখে খাবার তুলে দেওয়া অবশ্যই মানবিক কাজ বলেন তারা।
চাল বিতরণের সময় উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার গোলাম ফারুকসহ এতিমখানার প্রতিনিধি ও ছাত্ররা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ৫ আগস্ট বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কালোবাজারে চালগুলো পাচার হচ্ছিল। এ সময় এলেঙ্গা বাজার থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩৯ বস্ত সরকারি চাল ও একটি পিকআপ ভ্যান জব্দ করেন ইউএনও খায়রুল ইসলাম। পরে পিকআপ ভ্যানের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

