ঘাটাইলে বজ্রাঘাতে আগুন লেগে চারটি দোকান পুড়ে গেছে

টাঙ্গাইলের ঘাটাইলে বজ্রাঘাতে আগুন লেগে চারটি দোকান পুড়ে গেছে। গত রবিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার দিগড় ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের আমিনবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ঘাটাইল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রতন কুমার দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় জানায়, রবিবার সন্ধ্যায় বৃষ্টির মধ্যে ফুলবাড়ী গ্রামের আমিনবাজারের একটি তুলার দোকানে বজ্রাঘাত হয়।

এতে দোকানটিতে আগুন ধরে যায়। সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে বাজারের চারটি দোকানে। খবর পেয়ে ঘাটাইল ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তার আগেই দোকানগুলো পুড়ে যায়।
তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে সূত্র জানায়।