বিএনপির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের দলটির মনোনীত প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ‘মানুষ বিশ্বাস করে দেশনায়ক তারেক রহমানের হাতেই দেশ নিরাপদ, দেশের গণতন্ত্র নিরাপদ। বিএনপি কখনো জনগণের বিরুদ্ধে কোনো কাজ করেনি। এ কারণেই আমরা গর্বের সঙ্গে বলতে পারি, বিএনপি বাংলাদেশের সবচেয়ে উদার, আধুনিক ও গণতান্ত্রিক দল। যতবারই দেশে গণতন্ত্র হোঁচট খেয়েছে, ততবার বিএনপিই গণতন্ত্রকে টেনে তুলেছে। জিয়া পরিবার এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক।’
মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতি মিলনায়তনে আইনজীবীদের সঙ্গে এক মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন।
টুকু বলেন, ‘গত ১৭ বছরে দলের নেতাকর্মী থেকে শুরু করে সমর্থক সবাই কম-বেশি নির্যাতনের শিকার হয়েছেন। নির্যাতনের বাইরে কেউ নেই।
উপস্থিত নেতাকর্মী ও আইনজীবীদের উদ্দেশে তিনি বলেন, ‘দলের স্বার্থে সব বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ব্যক্তিগতভাবে কারো সঙ্গে কারো মনোমালিন্য থাকতে পারে, কিন্তু দলের প্রতি কোনো মনোমালিন্য থাকা উচিত নয়। ব্যক্তি ভুল করতে পারে, কিন্তু দল কোনো ভুল করেনি। তাই ছোটখাটো ভুলত্রুটি ক্ষমা করে দিয়ে সবাইকে এক হয়ে দলকে বিজয়ী করতে হবে।’
জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আলী ইমাম তপনের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন টাঙ্গাইলের পিপি শফিকুল ইসলাম রিপন, বার সমিতির সাধারণ সম্পাদক এ কে এম রফিকুল ইসলাম রতন ও অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আসাদুজ্জামান আইয়ুব প্রমুখ।

