মধুপুর উপজেলার শোলাকুড়ী গ্রামে দুর্বৃত্তের হাতে জালেমন (৭৫) নামের এক বৃদ্ধা নৃশংসভাবে খুন হয়েছেন। শুক্রবার (৩১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার শোলাকুড়ী গ্রামে জালেমন এর নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। মধুপুর থানার উপ পরিদর্শক সেলিম মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন। নিহত জালেমন শোলাকুড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ওরফে মিঠুর মা এবং মৃত আয়েজ উদ্দিনের স্ত্রী।
স্থানীয় সুত্রে জানা গেছে, নিহত জালেমন দীর্ঘদিন ধরে ওই বাড়িতে একাই বসবাস করতেন। শুক্রবার (৩১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে প্রতিবেশী রেজাউল করিমের স্ত্রী পান খাওয়ার জন্য তাদের বাড়িতে যান। সেখানে গিয়ে তিনি ঘরের ভেতরে রক্তাক্ত অবস্থায় জালেমনকে মেঝেতে পড়ে থাকতে দেখেন। এ সময় তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে স্থানীয় বাসিন্দারা মধুপুর থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
প্রাথমিকভাবে স্থানীয়রা ধারণা করছেন, ডাকাতি করার সময় হয়তো চিনে ফেলায় দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। পরে তার গলায় থাকা একটি সোনার চেইন ও ঘরে থাকা মাটির ব্যাংকে রাখা নগদ অর্থ নিয়ে যায় দুর্বৃত্তরা।
এ বিষয়ে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম ফজলুল হক সাংবাদিকদের জানান, নৃশংস হত্যাকান্ডের খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছি। শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তবে কী কারণে হত্যা করা হয়েছে তা জানা যায়নি । এই হত্যাকান্ডের রহস্য উদঘাটনের জন্য সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। সুরত হালের পর লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

