বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি স্বাধীনতার পক্ষের শক্তি। বিএনপি ধর্ম-বর্ণ-নির্বিশেষে সবাইকে নিয়ে পথ চলে। আমরা একটি শান্তিপূর্ণ বাংলাদেশ চাই। যেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই এক কাতারে দাঁড়িয়ে দেশকে এগিয়ে নেব।
দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ।
শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইল শহরের শ্রী শ্রী বড় কালীবাড়ী মন্দির প্রাঙ্গণে সনাতনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালাউদ্দিন টুকু বলেন, দেশ যেন কোনো উগ্রবাদীর হাতে না যায়, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। আসন্ন নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দেশ ও দেশের মানুষ কার কাছে নিরাপদ, সেটাই এবার সিদ্ধান্তের বিষয়। আপনারা ধানের শীষের পক্ষে ভোট দেবেন। আমি নির্বাচিত হলে টাঙ্গাইলে সহাবস্থান ও শান্তি নিশ্চিত করব।
তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবাইকে নিয়ে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।
আমরা চাই সহমর্মিতার বাংলাদেশ, সম্প্রীতির বাংলাদেশ, যেখানে যার যার ধর্ম সে সে পালন করবে।
সমাবেশে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি শ্যামল হোড়ের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন। সঞ্চালনা করেন জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক অমল ব্যানার্জী। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, শ্রী শ্রী কালীবাড়ী মন্দিরের সভাপতি স্বপন ঘোষ ও সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা জীবন কৃষ্ণ চৌধুরী প্রমুখ।