টাঙ্গাইলে ধলেশ্বরী ও লৌহজং নদীর পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। নদীর নাব্যতা ফিরিয়ে আনতে এবং টাঙ্গাইল পৌর এলাকার নদী তীরবর্তী জনপদ রক্ষার লক্ষ্যে নদী পুনঃখননের সিদ্ধান্ত নেয়া হয়।
শনিবার (২ মে) সদর উপজেলার করটিয়ার ক্ষুদিরামপুর এলাকায় পুনঃখনন কাজের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
উদ্বোধনী বক্তব্যে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, ‘আঙুল থেকে ভোটের কালি না শুকাতেই বিএনপি সরকার প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে। তারই ধারাবাহিকতায় পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে টাঙ্গাইল জেলার ধলেশ্বরী ও লৌহজং নদী পুনঃখনন এবং টাঙ্গাইল পৌর এলাকায় নদীর তীর প্রতিরক্ষা প্রকল্পের উদ্বোধন করা হলো।’
টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো: মাঈন উদ্দিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার (এসপি) মুহম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত ও সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহীন মিয়া।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন— জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা যুবদল সাবেক সভাপতি খন্দকার আহমেদুল হক সাতিল, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী প্রমুখ।