শরীয়তপুরের জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ও হাতবোমা বিস্ফোরণের ঘটনায় মামলা করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত সাতজনকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (৬ এপ্রিল) বেলা ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল আখন্দ।
এ ঘটনায় রোববার পুলিশের একজন উপ-পরিদর্শক বাদী হয়ে ৮৮ জনের নামে মামলা করেন। এ ছাড়া মামলায় অজ্ঞাতপরিচয় আরও এক হাজার জনকে আসামি করা হয়েছে। মামলায় এখন পর্যন্ত সাতজনকে গ্রেফতার করেছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
এ বিষয়ে জাজিরা থানার ওসি দুলাল আখন্দ বলেন, দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশের একজন উপ-পরিদর্শক বাদী হয়ে মামলা করেছে। এরইমধ্যে সাতজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে চেষ্টা চলছে।

