বিএনপির স্থানীয় কমিটির সদস্য নজরুল ইসলাম খান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলেছেন, দেশে যেটা বড় আয়ের উৎস সেই গার্মেন্টস বন্ধ করে দিয়ে অর্থনীতির ক্ষতি করা হচ্ছে। বারবার প্রমাণ পাওয়া যাচ্ছে, এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে। যারা নিজেদের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য দেশের সম্পদ নষ্ট করতে চায় তাদের সাথে আপস হতে পারে না।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে টাঙ্গাইলের সন্তোষে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম ওফাত বার্ষিকীর স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, মওলানা ভাসানীর মৃত্যু বার্ষিকীতে এসে বলতে চাই, যদি মওলানা ভাসানীকে মানুষের নেতা মনে করি তাহলে তার আদর্শ আমাদের অনুসরণ করতে হবে।
আরো পড়ুনঃ মাওলানা ভাসানীর আদর্শ বুকে ধারণ করেই আমরা সামনের পথে এগিয়ে যাব
তিনি বলেন, মওলানা ভাসানী সমর্থন করেছিলেন বলে এখনও বিএনপির প্রতীক ধানের শীষ। তৎকালীন সময়ে নির্বাচন কমিশনে আটটি দল ধানের শীষ প্রতীকের জন্য আবেদন করেছিল। নির্বাচন কমিশন এ নিয়ে বিভিন্ন সভা করেছে। শেষ পর্যন্ত নানা যুক্তিতর্কের আলোকে বিএনপিকে ধানের শীষ প্রতীক দিয়েছিল। কারণ ভাসানীর মূল স্রোতের বেশির ভাগ লোক বিএনপিকে সাপোর্ট করেছিল।
বর্তমানে আন্দোলনকে উদ্দেশ্য করে নজরুল ইসলাম বলেন, যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে নিজেদের স্বার্থ হাসিলের জন্য জনগণের কল্যাণের বিরুদ্ধে কাজ করে তাদের সাথে কোনো আপস হতে পারে না। তারা কিন্তু নানাভাবে চেষ্টা করছে নানা উসকানি দিয়ে, যাতে ঘোলা পানিতে অন্য কেউ মাছ শিকার করতে পারে। আমাদের শক্তি, আমাদের ঐক্য, আমাদের সংহতি, আমাদের সম্মিলিত বক্তব্য এবং চেষ্টা এই দিয়ে তাদের মোকাবেলা করতে হবে। আর এটাকেই তারা ভয় পায় বলেই বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। নৈতিকভাবে তারা দুর্বল। কারণ তারা অপরাধী, দুর্নীতি করেছে, দেশের সম্পদ পাচার করেছে। তাদের মনে কোনো সৎ সাহস নেই।
গার্মেন্টস কর্মীদের বেতন বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, শ্রমিকদের বেতন বৃদ্ধির আন্দোলন ন্যায় সংগত। তাই সরকারের পক্ষ থেকে মজুরি বোর্ড গঠন করা হয়েছে। সেখানে শ্রমিকদেরও প্রতিনিধি আছে। তাই বর্তমানের আন্দোলনের আর কোনো প্রয়োজন ও সুযোগ নেই। তারপরও যারা এসব করছে, যদি শুধু মিছিল হতো, স্লোগান হতো, তাহলে বুঝতাম বেতন বৃদ্ধির জন্য চাপ সৃষ্টি করছে। তবে তারা তা না করে কারখানা বন্ধ করছে, ভাংচুর করছে।
জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন: বিএনপির ভাইস চেয়ারম্যান ও মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটির আহ্বায়ক শামসুজ্জামান দুদু, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুস সালাম পিন্টু এমপি, পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের সংসদ সদস্য জোনায়েদ সাকি, জাতীয় নির্বাহী কমিটির শিশুবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সাইদ সোহরাব এবং জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এস এম ওবায়দুল হক নাসির। এতে স্বাগত বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু।
এর আগে নজরুল ইসলামের নেতৃত্বে প্রধানমন্ত্রী ও বিএনপির পক্ষে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজারে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।

