নিজস্ব প্রতিনিধিঃ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয় হাজী মোহাম্মদ মহসীন হলের সাবেক জিএস সাইদুর রহমান সাঈদ সোহরাব বলেছেন, ৫ আগস্ট দেশ স্বৈরাচারমুক্ত হওয়ার পর নতুন করে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। বিএনপি যাতে ক্ষমতায় যেতে না পারে তার ষড়যন্ত্র চলছে। এজন্য যাদের জনসম্পৃক্ততা নেই তারাই একত্রিত হয়েছে।
শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যায় মির্জাপুর উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নতুন বাংলাদেশে সাংবাদিকদের ভূমিকা সম্পর্কে সাইদ সোহরাব বলেন, একটি শ্রেণি এখন সাংবাদিকদের বিরুদ্ধেও লেগে আছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করলেও তাদের বিভিন্নভাবে হয়রানি করার চেষ্টা করা হয় বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে এবং তারেক রহমান অচিরেই স্বৈরাচারমুক্ত বাংলাদেশে ফিরে আসবে। এদেশের মানুষের ভোটে নির্বাচিত হয়ে তারেক রহমান প্রধানমন্ত্রী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

