টাঙ্গাইলের মধুপুরে কৃষিজমির উপরিভাগের উর্ভর মাটি (টপ সয়েল) কেটে বিক্রির দায়ে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) মধুপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাইতকাই এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমান আদালত কৃষিজমির টপ সয়েল কেটে বিক্রির প্রমাণ পাওয়ায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে অপরাধী ওই ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।
এ সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম। এ সময় মধুপুর থানার উপপরিদর্শক (এসআই) জুয়েল রানার নেতৃত্বে পুলিশের একটি দল সহযোগিতা করে।
নির্বাহী ম্যাজিস্ট্যাট মো. সাইফুল ইসলাম বলেন, কৃষিজমির উপরিভাগের উর্বর
মাটি কেটে নেয়া জমির উৎপাদনক্ষমতা ও কৃষির জন্য মারাত্মক ক্ষতিকর। কৃষিজমির উর্বরতা রক্ষা ও জনস্বার্থে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে তিনি জানান.

