নিজস্ব প্রতিনিধিঃ ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ায় বাংলাদেশে এর কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। টাঙ্গাইল প্রেস ক্লাবের উদ্যোগে প্রতিমন্ত্রী-এমপিদের সংবর্ধনা ও ক্লাবের কার্যকরী সদস্যদের পরিচিতি সভায় এসে শনিবার (২৩ মার্চ) বিকেলে এ কথা বলেন তিনি।
আহসানুল ইসলাম টিটু বলেছেন, ‘ভারত থেকে পেঁয়াজ আজ কিংবা আগামীকাল ট্রেনে উঠবে। আগামী তিন দিনের মধ্যে বাংলাদেশে প্রবেশ করবে।
ভারত থেকে পেঁয়াজ আসা নিয়ে কোনো রকম সমম্যা আছে বলে আমার জানা নেই। ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করেছে কি না তা আমার জানা নেই।’তিনি আরো বলেন, বাজার তার আপন গতিতেই চলবে। ৫-১০ টাকা বাড়লে সেটা নিয়ে কিছু না করা হলেও কেউ যদি মজুদদারি করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
স্বাভাবিক বাজারে বেচাকেনায় বাণিজ্য মন্ত্রণালয় কোনো রকম পুলিশ বা ম্যাজিস্ট্রেটের তৎপরতা প্রয়োজন নেই।’ তিনি মনে করেন, বাজারে যথেষ্ট পরিমাণ পণ্যের সরবরাহ আছে এবং দামও যৌক্তিক পর্যায়ে আছে।চালের মূল্য বৃদ্ধির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, চাল খাদ্য মন্ত্রণালয়ের বিষয়। এ কারণে আরেক মন্ত্রণালয়ের বিষয়ে কোনো কিছু বলা ঠিক হবে না বলে তিনি মনে করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ প্রমুখ।