আওয়ামীলীগের সাবেক সভাপতি গ্রেফতার

মির্জাপুরে আওয়ামীলীগের সাবেক সভাপতি গ্রেফতার

টাঙ্গাইলের মির্জাপুরে শওকত হোসেন ফালু নামের আওয়ামী লীগের সাবেক এক সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার গোড়াই ইউনিয়নের নাজিরপাড়া এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলে। সে সময় আন্দোলনকারীরা হাইওয়ে থানায় হামলা চালিয়ে ভাঙচুর অগ্নিসংযোগ করে। এ সময় পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও ছররা গুলি ছুড়লে আন্দোলনে অংশ নেওয়া হিমেল নামের এক ব্যক্তির দুই চোখ অন্ধ হয়। ওই ঘটনায় হিমেলের মা নাছিমা বেগম বাদী হয়ে পুলিশ, সংবাদকর্মীসহ আওয়ামী লীগের ১০০ জনের নাম উল্লেখ করে ৪০০ থেকে ৫০০ অজ্ঞাতপরিচয় আসামি করে টাঙ্গাইল আদালতে মামলা করেন।

আরো পড়ুনঃ মির্জাপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত এক নবজাতকের মরদেহ উদ্ধার

মামলায় শওকত হোসেন ফালু এজাহারভূক্ত ৬ নম্বর আসামি। তিনি উপজেলার গোড়াই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বর্তমান সদস্য। তিনি নাজিরপাড়া গ্রামের সুরুজ বেপারীর ছেলে। দুই চোখ অন্ধ হওয়া হিমেল মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের লালবাড়ী গ্রামের আফাজ উদ্দিনের ছেলে।

মির্জাপুর থানার এসআই সেলিম মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে গোড়াই ইউনিয়নের নাজিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামি শওকত হোসেন ফালুকে গ্রেপ্তার করা হয়েছে।

মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, দুই চোখ অন্ধ হওয়া হিমেলের মা নাছিমা বেগমের দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি শওকত হোসেন ফালুকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে তাকে টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান।