ঐতিহ্যবাহি টাঙ্গাইল কটন মিলও চালুর বিষয়ে ভাবছে সরকার-পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম

পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম বলেছেন, ‘সরকার বন্ধ থাকা কল কারখানা নতুন করে চালু উদ্যোগ গ্রহণ করেছে। ঐতিহ্যবাহি টাঙ্গাইল কটন মিলও চালুর বিষয়ে ভাবছে।’

শনিবার (১ আগস্ট) টাঙ্গাইল কটন মিল কারখানা পরিদর্শনে এসে একথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদি দলের নির্বাচনী এশতেহারে বন্ধ মিল কারখানা চালুর কথা বলা হয়েছিল। জনগণ আমাদের ক্ষমতায় বসিয়েছে তাই মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশে এই বন্ধ কারখানাটি আমি দেখতে এসেছি। আশা করি পাবলিক প্রাইভেট পার্টনারশীপ (পিপিপি) বা দেশী-বিদেশী যেভাবেই হোক এই কারখানাটি আবার চালুর উদ্যোগ নেয়া হয়েছে। তার ধারাবাহিকতায় আমি আজকে কারখানাটি পরিদর্শনে এসেছি।’

অচিরেই প্রায় ২৫ একর জায়গা জুড়ে প্রতিষ্ঠিত এই কারখানাটি শ্রমিকদের কর্মপদচারণায় মুখরিত হবে বলে তিনি আশা প্রকশ করেন।

এ সময় টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের সাংসদ আবুল কালাম আজাদ সিদ্দিকী, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমেদ, বিটিএমসির সচিব ও পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) প্রকল্প পরিচালক কাজী ফিরোজ হোসাইন, টেক্সটাইল মিলস করপোরেশনের চেয়ারম্যান বিগ্রেডিয়ার জেনারেল এস এম জাহিদ হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা খান সালমান হাবীব, মির্জাপুর থানার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আরিফ, সহসভাপতি আলী এজাজ খান চৌধুরী রুবেল, জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল কাদের শিকদার, গোড়াই ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান জুয়েল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুর রহমান স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।