নিখোঁজের ৬ দিনেও সন্ধান মিলেনি মাদ্রাসা শিক্ষার্থীর

কালিহাতীতে নিখোঁজের ৬ দিনেও সন্ধান মিলেনি মাদ্রাসা শিক্ষার্থী মো. আব্দুল্লাহর

টাঙ্গাইলের কালিহাতীতে নিখোঁজের ৬ দিনেও সন্ধান মিলেনি মাদ্রাসা শিক্ষার্থী মো. আব্দুল্লাহর। সে কালিহাতীর হাতিয়া গ্রামের মো. আল আমিনের ছেলে ও সল্লা মাদ্রাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। এ বিষয়ে কালিহাতী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন আল আমিন।

আল আমিন জানান, আব্দুল্লাহ প্রায় এক মাস শারীরিকভাবে অসুস্থ ছিল। গত ৮ সেপ্টেম্বর তাকে পড়ার কথা বললে অভিমান করে বাসা থেকে বের হয়ে চলে যায়। ওই দিন রাতে স্থানীয় একজন তাকে টাঙ্গাইল নতুন বাসস্ট্যান্ডে দেখেছে। তারপর থেকে আর কোনো খোঁজ পাওয়া যায়নি। আত্মীয়স্বজন থেকে শুরু করে ওর মাদ্রাসায় খোঁজ নেয়া হয়েছে। ছয় দিন অতিবাহিত হলেও আব্দুল্লাহর কোনো খোঁজ মিলেনি।

আরো পড়ুনঃ

কালিহাতীতে ঠেলাগাড়ি উল্টে চালক নিহত

আল আমিন বলেন, “কালিহাতী থানায় অভিযোগ দিলেও এ বিষয়ে পুলিশ কোনো পদক্ষেপই গ্রহণ করেনি। বিষয়টি নিয়ে পুলিশকে অবগত করা হলেও কোনো তোয়াক্কা করছে না। পুলিশ গুরুত্ব না দেয়ায় ৬ দিলেও আব্দুল্লাহর সন্ধান মিলেনি। আমার ছেলেকে খুঁজে পেতে পুলিশসহ সবার সহযোগিতা কামনা করছি।”

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী বলেন, ঘটনাটি টাঙ্গাইল শহরের। এ বিষয়ে টাঙ্গাইল সদর থানায় অভিযোগ দেয়া হয়েছে। কালিহাতী থানার জিডি নং ও তারিখ বললে ওসি জানান, বিষয়টি তিনি দেখবেন।