টাংগাইলে ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্প শীর্ষক কর্মশালা

বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় টাঙ্গাইলে “প্রকল্প কার্যক্রম মূল্যায়ন ও পর্যালোচনা” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ কর্মশালার আয়োজন করে প্রকল্প কর্তৃপক্ষ। এতে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ী (টাঙ্গাইল) এর জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ দুলাল উদ্দিন।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. আশেক পারভেজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঢাকা অঞ্চলের অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) কৃষিবিদ মো. গোলাম মোস্তফা খান এবং প্রকল্পের পরিচালক কৃষিবিদ মো. মোস্তফা কামাল।

এছাড়া কর্মশালায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ মো. শোয়েব মাহমুদসহ জেলার ১২টি উপজেলার কৃষি কর্মকর্তারা এবং স্থানীয় কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।

কর্মশালায় প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়ন চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা ফসলের উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের আয় বাড়াতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।