টাংগাইলে দুই আসামীর যাবজ্জীবন

টাংগাইলে রাজমিস্ত্রি হত্যা মামলায় দুই আসামীর যাবজ্জীবন

টাঙ্গাইলে রাজমিস্ত্রি ফয়সাল হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালাত। এছাড়া প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরো এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

বুধবার (১২ আগস্ট) দুপুরে টাঙ্গাইলের সিনিয়র দায়রা জজ মো: হাফিজুর রহমান এ দণ্ডাদেশ দেন।

দণ্ডিত আসামিরা হলেন— টাঙ্গাইলের কালিহাতী উপজেলার টুনি মগড়া (কাজীবাড়ি) গ্রামের আব্দুল আলীমের ছেলে আব্দুল মালেক (২১) ও একই গ্রামের রাশিদুল ইসলামে ছেলে সজিব মিয়া (২০)। আদালতে আসামিদের উপস্থিতিতেই রায় পড়ে শোনান বিচারক।

টাঙ্গাইল দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো: শফিকুল ইসলাম রিপন নয়া দিগন্তকে জানান, কালিহাতীর মগড়া গ্রামের রাজমিস্ত্রি ফয়সাল ২০২৩ সালের ২২ ডিসেম্বর সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরে পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করেন। পরদিন সকালে কালিহাতীর ধলাটেঙ্গর গ্রামের কালিবাড়ী চকের একটি গাছ বাগান থেকে ফয়সালের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় ২৪ ডিসেম্বর ফয়সালের বাবা রমজান আলী কালিহাতী থানায় মামলা করেন। পরে মামলাটি তদন্তের জন্য ডিবিতে হস্তান্তর করা হয়। ডিবি পুলিশ ২০২৪ সালের ১ ডিসেম্বর টাঙ্গাইল শহরের থানাপাড়া থেকে আসামি সজিব ও মালেককে গ্রেফতার করে। পরে আসামিরা ফয়সালকে হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। বিচার শেষে আদালত তাদের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।

মামলায় আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মো: মোস্তাফিজুর রহমান।