স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন

টাংগাইলে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

টাঙ্গাইলে স্ত্রীকে হত্যার দায়ে মেহেদী হাসান (৩৮) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইলের সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত মেহেদী সখীপুর উপজেলার ইচ্ছাদিঘী গ্রামের আতিয়াপাড়ার হায়দর আলীর ছেলে। রায়ে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

টাঙ্গাইলের পিপি শফিকুল ইসলাম রিপন জানান, দণ্ডিত মেহেদী হাসান দীর্ঘদিন ধরে অনলাইনে জুয়ায় আসক্ত ছিলেন। জুয়ার টাকা ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্ত্রী কাকলীর ওপর প্রায়ই শারীরিক ও মানসিক নির্যাতন করতেন।

আরো পড়ুনঃ

গোপালপুরে স্কুলে প্রেমের বিষয় নিয়ে শিক্ষার্থীদের মধ্যে মারামারি

এর ধারাবাহিকতায় ২০২৫ সালের ৩ আগস্ট সকালে বিছানার নিচে লুকিয়ে রাখা ছুরি বের করে কাকলীর পিঠে আঘাত করেন। স্থানীয়রা উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক কাকলীকে মৃত ঘোষণা করেন। ঘটনার দিনই নিহতের ভাই বাদল মিয়া সখীপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।পরে সখীপুর থানার পুলিশ গাজীপুরের কোনাবাড়ী এলাকা থেকে মেহেদী হাসানকে গ্রেপ্তার করে।

তিনি দণ্ডবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে।

মামলায় মোট ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। রায় ঘোষণা সময় মেহেদী হাসান আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়।