প্রতিমন্ত্রী টুকুর ব্যক্তিগত কর্মকর্তার কারামুক্তি

প্রতিমন্ত্রী টুকুর ব্যক্তিগত কর্মকর্তার কারামুক্তি

আদালতে আত্মসমর্পণ করে কারাগারে যাওয়া মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর ব্যক্তিগত কর্মকর্তা মোকলেস মিয়া জামিনে মুক্তি পেয়েছেন। তিনি ঢাকা মহানগর উত্তর শ্রমিকদল নেতা।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল ৫টার দিকে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। এসময় কারাগারের বাইরে অপেক্ষমাণ নেতাকর্মীরা ফুলের মালা ও ফুল দিয়ে তাকে বরণ করে নেন।

একই মামলায় কারাগারে যাওয়া যুবদল নেতা জাহিদুল ইসলামও জামিনে মুক্তি পেয়েছেন। নেতাকর্মীরা তাকেও ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।

আরো পড়ুনঃ ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে টাকা চাইলে দেওয়া যাবে না

এর আগে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে তাদের আইনজীবী সোহেল খান নিম্ন আদালতের সাজার বিরুদ্ধে আপিল করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত দুজনের জামিন মঞ্জুর করেন।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারা উপ-তত্ত্বাবধায়ক (জেলার) ফখর উদ্দিন বলেন, জামিনের কাগজপত্র যাচাই শেষে বিকেল ৫টার দিকে মোকলেস মিয়া ও জাহিদুল ইসলামকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।

২০১৭ সালের ২২ জুন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে স্বাগত জানিয়ে মিছিল করার ঘটনায় শাহবাগ থানায় মামলা হয়। ওই মামলায় ২০২৩ সালের ২৮ ডিসেম্বর মোকলেস মিয়া ও জাহিদুল ইসলামকে দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন আদালত। জরিমানা অনাদায়ে তাদের আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তবে মামলার অন্যান্য ধারায় তাদের খালাস দেওয়া হয়।

পরে ওই রায়ের বিরুদ্ধে মোকলেস মিয়া ও জাহিদুল ইসলাম ঢাকা মহানগর দায়রা জজ আদালতে ফৌজদারি আপিল করেন। আপিলে নিম্ন আদালতের রায় ও সাজা বাতিল করে খালাস এবং আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিনের আবেদন করা হয়।