টাঙ্গাইলে বৃদ্ধাকে বটি দিয়ে কুপিয়ে হত্যার দায়ে এক যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের সিনিয়র দায়রা জজ মো. হাফিজুর রহমান আসামির উপস্থিতিতে এ রায় দেন। এছাড়া আদালত তাকে একলাখ টাকা জরিমানা করেছেন।
দন্ডিত বাদল বাবু (২৫) জামালপুরের সরিষাবাড়ী উপজেলার রৌহা গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে।
আরো পড়ুনঃ ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে টাকা চাইলে দেওয়া যাবে না
টাঙ্গাইলের আদালতের সরকারি কৌশুলি (পিপি) শফিকুল ইসলাম রিপন বলেন, বাদল ভূঞাপুরের ফলদা বাজারে সেহাব উদ্দিনের দোকান ও বাসায় কাজ করতেন। ২০১৯ সালের ২৬ নভেম্বর সকালে দোকানে কাজের বিষয়ে সেহাব উদ্দিন বাদলকে গালমন্দ করেন। এতে ক্ষুব্ধ হয়ে কাজ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় বাদল। ওইদিনই বেলা সাড় ১১টার দিকে সেহাব উদ্দিনের বাসায় গিয়ে বটি দিয়ে সেহাবের বৃদ্ধা মা আহাতন বেওয়াকে গলা কেটে হত্যা করে পালিয়ে যান।
পরে ইব্রাহিমাবাদ (যমুনা সেতু পূর্ব) রেলস্টেশন থেকে পুলিশ বাদলকে গ্রেফতার করে। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বাদল জানায়, মালিকের ওপর ক্ষোভের জেরেই এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। রায় ঘোষণার পর বাদলকে কারাগারে পাঠানো হয়। আগামিপক্ষের আইনজীবী ছিলেন- রওশন আরা সিদ্দিকী।

