মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশ নায়ক প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ।’ সেই বাংলাদেশকে বুকে ধারণ করে আমরা মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন করব-ইনশাল্লাহ।
শনিবার (১ আগস্ট) বিকেলে টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে জেলা প্রশাসক গোলকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, এক সময় টাঙ্গাইলকে ক্রীড়া নগরি বলা হতো।
তিনি বলেন, টাঙ্গাইলের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়, বিবেকানন্দ হাইস্কুল অ্যান্ড কলেজ, পুলিশ লাইনস আদর্শ উচ্চ বিদ্যালয়সহ জেলা শহরের বিভিন্ন স্কুলে টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে। এগুলো মানুষ আনন্দের সঙ্গে উপভোগ করছে। আমরা দ্রুত ইন্টার স্কুল ও ইন্টার কলেজ টুর্নামেন্টের আয়োজন করব-ইনশাল্লাহ।
খেলায় বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।
টাঙ্গাইল জেলা প্রশাসক (ডিসি) শরীফা হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু, সংসদ সদস্য রবিউল আউয়াল লাবলু, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহীন মিয়া প্রমুখ। খেলায় ১-০ গোলে গোপালপুর উপজেলাকে হারিয়ে সদর উপজেলা চ্যাম্পিয়ন হয়।
প্রায় দুই যুগ পর টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে অন্তত লক্ষাধিক দর্শক খেলা উপভোগ করেন।

